প্রতি বছর ১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হলে আমাদের চারপাশের চেনা পৃথিবীটাকে একটু থেমে দেখার প্রয়োজন দেখা দেয়। রাস্তাঘাটে সামান্য তর্ক থেকে হাতাহাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা কিংবা বৈশ্বিক রাজনীতিতে যুদ্ধের দামামা- সবকিছুই জানান দেয়, আমরা ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছি।
১৯৯৫ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর সদস্য রাষ্ট্রগুলো ‘সহনশীলতার নীতিমালা-সংক্রান্ত ঘোষণাপত্র’ গ্রহণ করে। এর পরের বছর, ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য ছিল বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। অথচ তিন দশক পেরিয়ে এসেও আমরা দেখছি, মানুষের মধ্যে ধৈর্য ও ভিন্নতাকে গ্রহণ করার মানসিকতা নানা ক্ষেত্রে সংকুচিত হচ্ছে।
সহনশীলতা কোনো দুর্বলতা নয়; বরং একটি সুস্থ, শান্তিপূর্ণ ও সভ্য সমাজের টিকে থাকার অন্যতম প্রধান শর্ত। সহনশীলতা বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে আমাদের সমাজে একধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন, অন্যায় মুখ বুজে সহ্য করাই বুঝি সহনশীলতা। কিন্তু ইউনেসকোর সংজ্ঞা অনুসারে, সহনশীলতা হলো পৃথিবীর বিচিত্র সংস্কৃতি, মানুষের আত্মপ্রকাশের বিভিন্ন ধরন এবং মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা ও সমাদর। এটি কখনোই অন্যায় বা অবিচারের কাছে মাথা নত করা নয়; বরং ভিন্ন মত ও পথের মানুষের অধিকার ও অস্তিত্বকে সম্মান জানানো। নিজের বিশ্বাস ও মতাদর্শে অবিচল থেকেও অন্যের ভিন্ন বিশ্বাস ও মত প্রকাশের অধিকার মেনে নেওয়াই প্রকৃত সহনশীলতা।
পৃথিবীতে আটশো কোটিরও বেশি মানুষের বসবাস। তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, জীবনযাপন ও চিন্তাভাবনায় রয়েছে বিস্তর পার্থক্য। এই বৈচিত্র্যকে শ্রদ্ধার চোখে দেখতে না শিখলে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কেবল বাড়তেই থাকবে। ভিন্নতাকে ভয় না পেয়ে তা গ্রহণ ও সম্মান করার মানসিকতাই আমাদের প্রকৃত অর্থে মানবিক করে তোলে। দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান সময়ের ডিজিটাল বিপ্লব আমাদের একে অপরের কাছাকাছি আনার পাশাপাশি অনেক ক্ষেত্রে বিভাজনের দেয়ালও তৈরি করছে। আমরা এমন এক সময়ে বাস করছি, যখন তথ্য যাচাই না করেই গুজব ছড়িয়ে দেওয়া, ভিন্নমতের মানুষকে আক্রমণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো সহজ হয়ে উঠেছে।
এসব কর্মকাণ্ড শুধু অনলাইন পরিসরেই সীমাবদ্ধ থাকে না; অনেক সময় বাস্তব জীবনেও সামাজিক ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে। মানুষের মধ্যে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার ধৈর্য কমছে। আমরা অন্যের বক্তব্য বোঝার চেয়ে নিজের মত চাপিয়ে দিতেই বেশি আগ্রহী হয়ে উঠছি। অথচ, একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ে তুলতে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অপরিহার্য। মনে রাখতে হবে, আমার সঙ্গে কারও মতের অমিল থাকলেই তিনি আমার শত্রু হয়ে যান না। বৈশ্বিক প্রেক্ষাপটেও অসহিষ্ণুতা ও সংঘাতের ভয়াবহ পরিণতি আমাদের ব্যথিত করে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাব অনুসারে, ২০২৫ সালের ডিসেম্বরের শেষে বিশ্বজুড়ে ১১ কোটি ৭৮ লাখ মানুষ নিপীড়ন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন কিংবা জনশৃঙ্খলার গুরুতর বিপর্যয়ের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত ছিল। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকার বিভিন্ন অঞ্চল- বিশ্বের নানা প্রান্তে চলমান সংঘাতের পেছনে রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ, ক্ষমতার দ্বন্দ্ব, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষসহ নানা কারণ কাজ করছে। এসব সংঘাতকে আরো ভয়াবহ করে তোলে অন্যের অধিকার, পরিচয় ও অস্তিত্বকে অস্বীকার করার প্রবণতা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অসহিষ্ণুতা কখনো কোনো জাতির জন্য স্থায়ী কল্যাণ বয়ে আনেনি; বরং তা সমাজ ও সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা কিংবা বাংলার বাউল ও সুফি সাধকেরা যুগে যুগে অহিংসা, সাম্য ও মানবতার যে বাণী প্রচার করেছেন, তা আজকের সংঘাতময় বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক।
সহনশীলতার এই সংকট কাটিয়ে উঠতে হলে পরিবার ও শিক্ষাব্যবস্থা থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে, পৃথিবীর সব মানুষ একরকম হবে না; বরং মানুষের ভিন্নতা ও বৈচিত্র্যই পৃথিবীর সৌন্দর্য। ইউনেস্কোর সহনশীলতার ঘোষণাপত্রে শিক্ষাকে অসহিষ্ণুতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে আইনের নিরপেক্ষ প্রয়োগ, মানবাধিকারের স্বীকৃতি, মুক্ত মতপ্রকাশ এবং পারস্পরিক সংলাপের গুরুত্বও তুলে ধরা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল ভালো ফলাফলের প্রতিযোগিতা নয়, সহমর্মিতা, যুক্তিবোধ, পরমতসহিষ্ণুতা ও সমালোচনামূলক চিন্তার চর্চাও বাড়াতে হবে। তবেই আগামী প্রজন্ম আরো মানবিক ও সহনশীল সমাজ গড়ে তুলতে পারবে। পাশাপাশি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, কোনো নাগরিক যেন ধর্ম, বর্ণ, ভাষা, জাতিগত পরিচয় কিংবা মতাদর্শের কারণে বৈষম্যের শিকার না হন।
আন্তর্জাতিক সহনশীলতা দিবস কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মসমালোচনার একটি উপলক্ষ্য। আমরা নিজেরা কতটা সহনশীল, অন্যের মতামতকে কতটা গুরুত্ব দিই এবং বিপদে পড়া ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের কিংবা ভিন্ন মতের মানুষের পাশে কতটা দাঁড়াই- আজ সেই প্রশ্নগুলো নিজেদেরই করা জরুরি।
পৃথিবীটা কারও একার নয়; এখানে সবারই সমান অধিকার নিয়ে বেঁচে থাকার কথা। আমরা যদি নিজেদের ভেতরের অহংকার ও বিদ্বেষ ঝেড়ে ফেলে একটু ধৈর্য, সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে পারি, তবেই এই পৃথিবী হয়ে উঠবে প্রকৃত অর্থে বসবাসযোগ্য। সহনশীলতার চর্চা হোক আমাদের প্রতিদিনের জীবনবোধ; তবেই সার্থক হবে এই বিশেষ দিনটির তাৎপর্য।
লেখক : কবি ও কলামিস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









