এবারের সম্মেলনটি প্যারিস চুক্তি কার্যকর হওয়ার ১০ বছর পূর্তির সময়ে হচ্ছে। অনেকে এটিকে ‘বাস্তবায়নের কপ’ বলছে। নতুন কোনো চুক্তি করার চেয়ে প্যারিস চুক্তিতে দেওয়া দেশগুলোর পুরনো প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ, শীর্ষ নির্গমনকারী দেশগুলো নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর উল্টোটা করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরো ঋণ নয়, প্রয়োজন অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। একই সঙ্গে এসব দেশের জন্য ঋণ ও ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহায়তা নিশ্চিত করতে হবে।
কপ হলো 'কনফারেন্স অব দ্য পার্টিজ'-এর সংক্ষিপ্ত রূপ। এটি মূলত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশন-এর আওতায় অনুষ্ঠিত একটি বার্ষিক বৈশ্বিক জলবায়ু সম্মেলন। এর মূল লক্ষ্য হলো ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হওয়া ঐতিহাসিক জলবায়ু চুক্তির ধারাবাহিকতায় বায়ুমণ্ডলে গ্রীনহাউস গ্যাসের নির্গমন একটি নিরাপদ পর্যায়ে রাখা এবং বৈশ্বিক উষ্ণতা রোধে পদক্ষেপ নেওয়া। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যে দেশগুলো চুক্তিতে স্বাক্ষর করেছে (বর্তমানে প্রায় ১৯৩-১৯৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), তাদের প্রতিনিধিরা প্রতিবছর এই সম্মেলনে যোগ দেন। এর উল্লেখযোগ্য অর্জনসমূহের মধ্যে রয়েছে ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত ২১ সম্মেলনে ঐতিহাসিক প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এছাড়া ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল কপ ২৮ এবং ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হয়েছে কপ ৩০।
২০২৬ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ ৩১। বর্তমানে তুরস্কের আনতালিয়া শহরে চলছে। মূল আলোচ্য বিষয় জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্য রূপান্তর, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন ক্ষমতা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। সময়কাল ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ (১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে)।
স্থান- আন্তালিয়া এক্সপো সেন্টার, তুরস্ক। বায়ুমণ্ডলে গ্রীনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত নির্গমন এবং এর প্রভাবে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং বর্তমান বিশ্বের অন্যতম বড় সংকট। এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে আমেরিকা- সর্বত্র জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এই বাস্তবতায় তুরস্কের পর্যটন নগরী আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ ৩১।
৯ নভেম্বর থেকে শুরু হওয়া ১২ দিনব্যাপী এই বিশ্ব সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পরিবেশবিদ ও প্রতিনিধিরা। বরাবরের মতোই এই সম্মেলনেও মূল আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনা। কারণ, জলবায়ু পরিবর্তনের পেছনে দায়ী বৈশ্বিক উষ্ণায়ন এবং এই উষ্ণায়নের জন্য দায়ী মূলত গ্রিনহাউস গ্যাস, যা কমিয়ে আনতে ২০১৫ সালে হয়েছিল প্যারিস চুক্তি। হিসাব করলে ২০২৬ সালে সেই চুক্তি কার্যকরের দশবছর পূর্তি হচ্ছে। কিন্তু গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমার বদলে বরং বাড়ছে। ইউরোপীয় কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টার (জেআরসি) এবং আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বিশ্বজুড়ে রেকর্ড ৫৪ দশমিক ১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ০.৭ শতাংশ এবং ১৯৯০ সালের তুলনায় প্রায় ৬৮ দশমিক ৫ শতাংশ বেশি।
কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্লোরিনেটেড গ্যাসসহ যে গ্যাসগুলো বায়ুমণ্ডলে জমা হয়ে পৃথিবীতে আসা সূর্যের তাপ আটকে দেয় সেগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। শীতপ্রধান দেশে শাকসবজি চাষের জন্য কাচ দিয়ে এক ধরনের বিশেষ ঘর বা ‘গ্রিনহাউস’ তৈরি করা হয়। কাচের একটি বিশেষ ধর্ম হলো- সূর্যের আলো কাচ ভেদ করে ভেতরে ঢুকতে পারে, কিন্তু ঘরের ভেতরের তৈরি হওয়া তাপ সহজে কাচ ভেদ করে বাইরে বের হতে পারে না। ফলে, বাইরের তাপমাত্রা যত কমই থাক, ঘরের ভেতরটা সবসময় উষ্ণ থাকে এবং গাছপালা বেঁচে থাকে। বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো গ্যাসগুলো ঠিক এই কাচের ঘরের মতোই কাজ করে।
এরা সূর্য থেকে আসা আলোকরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসতে দেয়। কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে বের হয়ে যাওয়া তাপের (ইনফ্রারেড বিকিরণ) একটা বড় অংশ বায়ুমণ্ডলের বাইরে যেতে না দিয়ে নিজেদের মধ্যে শুষে নেয় বা আটকে ফেলে। বায়ুমণ্ডলের এই গ্যাসগুলো কাচের ঘরের দেয়ালের মতো পৃথিবীকে ঘিরে ধরে তাপ আটকে রাখে বলেই এদেরকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। ২০২৫ সালে বিশ্বজুড়ে নির্গত মোট গ্রিনহাউস গ্যাসের সিংহভাগই (প্রায় ৭৪ শতাংশ) ছিল কার্বন ডাই অক্সাইড। মূলত কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং নির্বিচারে বন উজাড় করার কারণে এই গ্যাসের নিঃসরণ সবচেয়ে বেশি। কারণ, বন উজাড়ের ফলে গাছপালা আর বাতাসে থাকা কার্বন শুষে নিতে পারছে না।
বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বাড়তে থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। পৃথিবী যে কতটা মারাত্মকভাবে উষ্ণ হয়ে উঠছে, তার বড় প্রমাণ মিলছে মহাসাগরগুলোর তাপমাত্রায়। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুসারে, গত দুই দশক ধরে মহাসাগরগুলো গরম হওয়ার হার অত্যন্ত দ্রুতগতিতে বেড়েছে, যা জলবায়ু ব্যবস্থার ওপর এক গভীর ও বিপজ্জনক প্রভাব ফেলছে। মহাসাগরগুলো প্রাকৃতিকভাবে পৃথিবীর অতিরিক্ত তাপের ৯০ শতাংশেরও বেশি শোষণ করে জলবায়ুকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। কিন্তু এই অতিরিক্ত তাপ শুষে নেওয়ার ফলে সমুদ্র উত্তপ্ত হয়ে উঠছে। এর প্রভাবে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আশঙ্কাজনক হারে বাড়ছে এবং উপকূলীয় অঞ্চলগুলো স্থায়ী প্লাবনের ঝুঁকিতে পড়ছে।
একই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মহাসাগরের এই অস্বাভাবিক উষ্ণতা স্থলভাগের আবহাওয়াকেও চরমভাবে প্রভাবিত করছে। সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় সামুদ্রিক ঝড়, সুপার সাইক্লোন ও সামুদ্রিক তাপপ্রবাহের তীব্রতা ও ঘনত্ব অনেক বেড়ে গেছে। ফলে, পৃথিবীজুড়ে বিধ্বংসী বন্যা, দীর্ঘস্থায়ী খরা এবং আকস্মিক চরম আবহাওয়ার রূপ আরো ভয়ংকর হয়ে উঠছে। ডব্লিউএমও’র তথ্য অনুসারে, ২০২৬ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে বয়ে যাওয়া তীব্র ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। মে থেকে আগস্টের মধ্যে ইউরোপজুড়ে তাপদাহ, খরা ও দাবানলের কারণে ৩০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এদিকে আগস্টের শেষের দিকে হিমালয় অঞ্চলে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে। হিমবাহ ধসে গিয়ে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপাল ও চীন সীমান্তে ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হয়ে গেছে প্রায় ৫ হাজার ৬০০ জন। পূর্ব এশিয়ায় প্রবল ঘূর্ণিঝড় একের পর এক আঘাত হেনেছে। বন্যা দেখা যাচ্ছে সৌদি আরবের মতো মরুর দেশে।
২০২৫ সালে বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় অর্ধেকই এসেছে মাত্র তিনটি দেশ থেকে। জেআরসির তথ্য অনুসারে, একক দেশ হিসেবে সর্বোচ্চ নির্গমনকারী চীন একাই নির্গত করেছে প্রায় ১৬ বিলিয়ন টন গ্যাস, যা বৈশ্বিক মোট নির্গমনের ২৯ দশমিক ৫ শতাংশ। ৬ দশমিক শূন্য ২ বিলিয়ন টন (১১ দশমিক ১ শতাংশ) নির্গমন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ৪ দশমিক ৫১ বিলিয়ন টন (৮ দশমিক ৩ শতাংশ) নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ‘বিশ্বের কারখানা’ তকমা পাওয়া চীনের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের সিংহভাগ (৪২ শতাংশ) আসে বিদ্যুৎ খাত থেকে। আর ভারী শিল্পকারখানা নির্গমন করছে ৩১ শতাংশ। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির চাহিদা মেটাতে বিপুল পরিমাণ কয়লা পোড়াচ্ছে চীন।
দ্বিতীয় সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মোট নির্গমনের সর্বোচ্চ ২৯ শতাংশই আসে কোটি কোটি ব্যক্তিগত গাড়ি ও ভারী ট্রাকখাত থেকে। যুক্তরাষ্ট্রের বিলাসবহুল জীবনযাত্রা, দূরপাল্লার সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং ব্যক্তিগত গাড়ির ব্যাপক ব্যবহার দেশটির পরিবহন খাতকে অন্যতম বড় পরিবেশগত ঝুঁকিতে পরিণত করেছে। এসব যানবাহনের বেশিরভাগই চলে পেট্রোল, ডিজেলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশ ভারত। উন্নয়নশীল এই দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রা বজায় রাখার জন্য এখনো বিদ্যুতের মূল উৎস হিসেবে অভ্যন্তরীণ কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে। ভারতের মোট নির্গমনের ৩৫ শতাংশই আসে কয়লাবিদ্যুৎ খাত থেকে।
এরপরের স্থানগুলোতে রয়েছে উৎপাদনমুখী শিল্প (২৪ শতাংশ) এবং কৃষি খাত (১৯ শতাংশ)। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্রথম আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি ছিল ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল। পরবর্তীকালে একে ভিত্তি ধরে ২০১৫ সালে ঘোষিত হয় প্যারিস জলবায়ু চুক্তি, যার মূল লক্ষ্য ছিল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। এরপর থেকে সব জলবায়ু সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডাই হচ্ছে এই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যপূরণ।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থা অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে এতে বিবেচনায় নেওয়া হচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে। এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রথমত: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ করতে হবে। পাশাপাশি নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে। দ্বিতীয়ত: জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। তৃতীয়ত: পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করতে হবে। পঞ্চমত: কপ ৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
কপ ৩১ সম্মেলনের প্রত্যাশা সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রয়োজন। বিশেষ করে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিতে হবে। প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে, বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
লেখক : সাবেক রেজিস্ট্রার, জাবিপ্রবি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









