কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে বরিশাল নগরের বটতলা এলাকায় অবস্থিত তার বাসভবনে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটান বলে জানা গেছে। তবে অগ্নিসংযোগে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একদল ছাত্রদলের নেতাকর্মী নানকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাড়িটির কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল নগর ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে।
বুধবার গভীর রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে মিছিল ও অবরোধের ঘটনা ঘটে। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে এসব ঘটনার ভিডিও প্রকাশ করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) অনুসারী মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথক দুটি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় সড়ক অবরোধের কথা উল্লেখ করা হয়েছে। অন্য ঘটনাটি বরিশাল-খুলনা মহাসড়কে ঘটেছে বলে দাবি করা হলেও সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সময় তাদের বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। তবে ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের অধিকাংশের মুখ ঢাকা থাকায় তাদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, গত বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তবে এ অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিএমপির আওতাধীন মহাসড়কের কোনো অংশে সড়ক অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টির খবর তাদের কাছে ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৩৯ ও ৫৬ সেকেন্ডের দুটি ভিডিওর সূত্র ধরে গড়িয়ারপাড় এলাকায় খোঁজ নেওয়া হলে স্থানীয়রা জানান, ভোররাতের দিকে মহাসড়কে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেছে। তবে ঘটনাটি দীর্ঘস্থায়ী হয়নি।
এদিকে, সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা গেছে। বিভিন্ন এলাকায় তাদের দফায় দফায় মহড়া দিতেও দেখা যায়।
সব মিলিয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে বরিশালে রাতভর রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি তৎপরতা লক্ষ্য করা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









